বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে চার-পাঁচ বছর লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে। সরকার এ বিষয়ে আন্তরিক। তবে পাচারকৃত অর্থ ফেরত আনতে চার-পাঁচ বছর সময় লাগে। এর নিচে হয় না।’
গতকাল সচিবালয়ে ‘বিদেশে পাচার হওয়া সম্পদ বাংলাদেশে ফেরত আনা ও ব্যবস্থাপনার লক্ষ্যে গঠিত আন্তঃসংস্থা টাস্কফোর্স’-এর সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা এবং নীতি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সমন্বয় কমিটির ৩০তম এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ উদ্ধার কার্যক্রম অধিকতর দক্ষ ও কার্যকর করার লক্ষ্যে বিদ্যমান মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর কিছু ধারা যুগোপযোগী করে আইনটি সংশোধনের সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে টাস্কফোর্সের প্রধান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বাধীন দলের সঙ্গে আরো উপস্থিত ছিলেন অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রমুখ।
সভা শেষে পাচারকৃত অর্থ ফেরত আনা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ‘আমরা আশাবাদী, অর্থ ফেরত আসবে।’
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচার করা অর্থ যুক্তরাজ্য থেকে ফেরত আনার ব্যাপারে অগ্রগতি হয়েছে জানিয়ে গভর্নর বলেন, ‘লন্ডন থেকে সাইফুজ্জামান চৌধুরীর মামলা সমাধান হয়ে গেলে আমরা সম্ভবত খুবই ভাগ্যবান হব। কারণ তারা মামলাটি লড়েনি। ফলে এমনিতেই মামলায় তারা হেরে গেছে। সেখানে একটা সুযোগ আছে। তবে সে টাকা কবে আসবে বলতে পারব না। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে বা জুন নাগাদ সময় লাগতে পারে। এগুলো দীর্ঘ প্রক্রিয়া। আমাদের ধারণা, সাইফুজ্জামান চৌধুরী আপিল করবে না।’
নিজেকে বাংলাদেশী নাগরিকের পরিবর্তে সিঙ্গাপুরি নাগরিক দাবি করে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সরকারের বিরুদ্ধে যে মামলা করেছে, সে ঘটনাকে ‘চোরের মায়ের বড় গলা’ বলে মন্তব্য করেছেন গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘ওয়াশিংটনে এস আলম আমাদের বিরুদ্ধে মামলা করেছে। চোরের মায়ের বড় গলা। এস আলম বাংলাদেশী নাগরিক, সিঙ্গাপুরি নন। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে চেয়ারম্যান, পরিচালক ছিলেন। সে হিসেবে আমরা এ মামলা লড়ব।’
সভা শেষে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ উদ্ধারের লক্ষ্যে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত ১১টি ঘটনায় এরই মধ্যে ১০৪টি মামলা দায়ের হয়েছে, ১৪টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে এবং চারটি মামলায় আদালত রায় দিয়েছে। এছাড়া দেশে মোট ৫৫ হাজার ৬৩৮ কোটি টাকা ও বিদেশে ১০ হাজার ৫০৮ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ফ্রিজ (অবরুদ্ধ) করা হয়েছে। এসব ঘটনায় ২১টি এমএলআর (মর্টগেজ লেন্ডিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রিটার্ন) সংশ্লিষ্ট দেশে প্রেরণ করা হয়েছে।










