টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৭’-এ শীর্ষ ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে তিনটি বেসরকারি ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। তবে এ তালিকায় নেই দেশের পুরনো দুই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তারা ১ হাজার ১ থেকে ১ হাজার ২০০-এর ব্যান্ডে রয়েছে।

গতকাল টিএইচইর ওয়েবসাইটে ২০২৭ সালের র‍্যাংকিং প্রকাশ করা হয়। এবারের তালিকায় ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও শিল্পের সঙ্গে সংযোগ—এ পাঁচ ক্ষেত্রে ১৭টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।

র‍্যাংকিংয়ে ৮০১ থেকে ১ হাজারের মধ্যে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাবলিক এবং বাকি তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

১ হাজার ১ থেকে ১ হাজার ২০০-এর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

১ হাজার ২০১ থেকে ১ হাজার ৪০০-এর মধ্যে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

১ হাজার ৪০১ থেকে ১ হাজার ৬০০-এর মধ্যে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

১ হাজার ৮০১ থেকে ২ হাজারের মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

এছাড়া র‍্যাংকিংয়ে অংশ নিলেও মূল র‍্যাংকিংয়ে স্থান পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় ১০টি বিশ্ববিদ্যালয় ‘র‍্যাংকড নয়’ তালিকায় রয়েছে। এগুলো হলো এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

এবারের র‍্যাংকিংয়ে গত বছরের তুলনায় ১০৬টির বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে বলে জানিয়েছে টাইমস হায়ার এডুকেশন। ২০২৬ সালের ২ হাজার ১৯১টির তুলনায় এবার মোট প্রতিষ্ঠান বেড়ে হয়েছে ২ হাজার ২৯৭টি।