খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে আরো ৫৯ জনকে বাংলাদেশে ‘পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল ভোর থেকে সকাল পর্যন্ত বিভিন্ন সময় তাদের পুশ-ইন করা হয়। এর মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে ১৯ জন, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মতেরবল সীমান্ত দিয়ে ২১ ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

স্থানীয় সূত্রগুলো বলছে, খাগড়াছড়ি সীমান্ত দিয়ে পুশ-ইন করা সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া স্কুলে অবস্থান করছেন। তাদের মধ্যে সাতজন পুরুষ, সাতজন নারী ও পাঁচটি শিশু রয়েছে।

তারা জানিয়েছেন, ভারতের হরিয়ানা থেকে বিমানে করে তাদের প্রথমে আগরতলায় নিয়ে আসা হয়। সেখান থেকে দক্ষিণ ত্রিপুরার করবুকের সীমান্তবর্তী গুলোমনিপাড়ায় নিয়ে আসে বিএসএফ। পরে জোরপূর্বক তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা হিসেবে দাবি করছে। কাজের সন্ধানে তারা ভারতের হরিয়ানা গিয়েছিল বলেও জানিয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম পুশ-ইন করার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিষয়ে খোঁজ-খবর নেয়া হবে। পরিচয় শনাক্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পুশ-ইন হওয়া সবাই স্থানীয় একটি বিদ্যালয়ে বিজিবির হেফাজতে রয়েছে। বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে। বাংলাদেশী হলে তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেয়া হবে। অনুপ্রবেশ করে থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ৭ মে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ২৭ জন, তাইন্দং দিয়ে ১৫ জন, পানছড়ি উপজেলার লোগাং সীমান্ত দিয়ে ৩০ জন এবং ২০ মে রামগড় দিয়ে ছয়জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছিল বিএসএফ।

এছাড়া গতকাল সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মতেরবল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি। তারা সবাই বাংলাদেশী বলে বিজিবি নিশ্চিত করেছে। এ নিয়ে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ২৭৬ জনকে পুশ-ইন করা হয়েছে।

বিজিবি জানায়, সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মতেরবল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় ২১ জনক আটক করা হয়। তাদের মধ্যে সাতজন পুরুষ, ছয়জন নারী ও আটটি শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

অন্যদিকে হবিগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে শিশুসহ ১৯ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। গতকাল সকালে চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়।

কালেঙ্গা বিজিবি ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া ইবনে কাদির জানান, সকাল সাড়ে ৭টার দিকে বিএসএফ ১৯ জনকে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়। তাদের কালেঙ্গা বিওপিতে রাখা হয়েছে। ফেরত আসা এসব নাগরিকের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে। তারা সবাই ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।