জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে দুজনকে  আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৯ জুন) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটের পরীক্ষা চলাকালে তাদেরকে আটক করা হয়। আটক দুজনের নাম সোহেল রানা (২৮) ও মোস্তাফিজুর রহমান শাকিল (২৪)।

আটক সোহেল রানা নাজমুল হক নামের এক শিক্ষার্থীর হয়ে পরীক্ষায় অংশ নেন । প্রবেশপত্রের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় সন্দেহ হয় দায়িত্বরত শিক্ষকের। পরে তাকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।

সোহেল রানা নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। সোহেলের বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলায়। তার পিতার নাম সোহাগ আলী।

সোহেল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছি। ৩০ হাজার টাকার বিনিময়ে আমার এলাকার এক বড় ভাই ইমরানের মাধ্যমে এখানে এসেছি। ইমরান নাজমুলের ফুফাতো ভাই। গতকালের 'সি' ইউনিটের পরীক্ষায়ও অংশ নিয়েছেন বলে স্বীকার করেছেন আটক সোহেল।

অন্যদিকে মোস্তাফিজুর রহমান শাকিলকে ব্যবসায় শিক্ষা অনুষদে বি ইউনিটের পরীক্ষা দেওয়ার সময় সন্দেহভাজন হিসেবে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা নিশ্চিত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর আ স ম ফিরোজ- উল-হাসান বলেন, 'বি’ ইউনিটের  পরীক্ষায় তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হলে পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করে সে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম সোহাগ এখানে উপস্থিত হয়েছেন। আইন অনুযায়ী তিনি শাস্তি প্রদান করবেন।