শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের পাশাপাশি অবস্থান কর্মসূচিতে অংশ নেন ছাত্র ইউনিয়ন ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, একজন উপাচার্য নির্বিচারে সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা চালিয়েছেন। তিনি শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্যও করেছেন। তার কোনো অধিকার নেই এখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে থাকার। পদত্যাগের জন্য শিক্ষর্থীদের আজ রাস্তায় নামতে হয়েছে। এ সময় উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ না করিয়ে ঘরে ফিরবেন না বলেও তারা উল্লেখ করেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি রাহুল দাস, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাকিন, সদস্য নুসরাত জাহান মীম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুজয় শুভ, ছাত্র ইউনিয়নের সদস্য জয়দেব শাহাসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশালেও অবস্থান কর্মসূচি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।










