সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের স্থাপনা নির্মাণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের অস্তিত্ব রক্ষা পাবে এবং তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার বিজয়নগরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জন্য সরকারের বরাদ্দ করা ভূমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছেলে-মেয়েরা এখানে আসতে পারবে এবং এখান থেকে তারা সম্ভাব্য সব ধরনের সহযোগিতা পাবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিস্টের কালগ্রাস থেকে দেশকে রক্ষায় জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
তিনি আরো বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাই অভ্যুত্থানকারীরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে ত্যাগ স্বীকার করেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সচেষ্ট থাকতে হবে। নির্বাচনে যারা দেশের দায়িত্বভার গ্রহণ করবেন, তাদের প্রতি অনুরোধ থাকবে— তারা যেন জুলাই যোদ্ধাদের লক্ষ্য সফল করতে পাশে দাঁড়ান।
তিনি জানান, বরাদ্দ করা জমিতে জুলাই ফাউন্ডেশনের ভবন নির্মাণের মাধ্যমে আজ থেকে ফাউন্ডেশনটি স্থিতি ও স্থায়িত্ব পাবে। যে লক্ষ্য ও উদ্দেশ্যে ফাউন্ডেশনটি গড়ে তোলা হয়েছে, তা আরো সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করা যাবে।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ঢাকা জেলার সাবেক জেলা প্রশাসক তানভীর আহমেদ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর ছিলেন।










