ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল তিনটি ম্যাচে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, পারটেক্স স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। মোহামেডান পাঁচ উইকেটে ব্রাদার্স ইউনিয়নকে, পারটেক্স তিন উইকেটে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ও গাজী গ্রুপ ৮ উইকেটে সিটি ক্লাবকে হারায়।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নাসুম আহমেদের ঘূর্ণিতে জিতেছে মোহামেডান। ১০ ওভারে মাত্র ২২ দিয়ে পাঁচ উইকেট শিকার করে তিনিই মোহামেডানকে ১৩৫ রানে অলআউট করতে অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৮ রানে তিনটি এবং আবু হায়দার রনি ও আসিফ হাসান একটি করে উইকেট নেন। ব্রাদার্সের হয়ে মাহমুদুল হাসান ও রাফাতুল ফেরদৌস উভয়ই সমান ৪৫ রান করেন। জবাবে অধিনায়ক ইমরুল কায়েস ৭১ বলে ৯২ রানের দারুণ এক ইনিংস খেলে ২৩.২ ওভারেই মোহামেডানের জয় নিশ্চিত করেন।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা নাসুম। খেলা শেষে তিনি বলেছেন, ‘অনেক দিন ধরে উইকেটের একটা ক্ষুধা নিয়ে ছিলাম। বোলিংয়ের তালিকা যখন দেখতাম, একদম তলানিতে আছি। তো অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম আমি যে, একটা ম্যাচে ভালো করব।’
এ সংস্করণে তার আগের ৫ উইকেট ছিল ২০১৯ প্রিমিয়ার লিগে। সেবার ব্রাদার্সের বিপক্ষেই ৪৯ রানে ৫ উইকেট নেন এ বাঁহাতি স্পিনার। মাঝের পাঁচ বছরে ৫৬ ইনিংসে দুবার চার উইকেট পেয়েছেন। অবশেষে পাঁচ উইকেটের ভুলতে বসা স্বাদ পেলেন আবার।
বিকেএসপিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫৯ রান তুলতে সমর্থ হয় রূপগঞ্জ। জসিম উদ্দিন সর্বোচ্চ ৮১ ও সোহাগ গাজী ৬৭ রান করেন। মুক্তার আলী ও মোহর শেখ উভয়ই তিনটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে পারটেক্স সাত উইকেট হারালেও তানভির হায়দার (৭২) ও আহরার আমিনের (৫৮) ব্যাটে ভর করে জয় নিশ্চিত করে।
ফতুল্লায় সিটি ক্লাবকে বড় ব্যবধানে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগে ব্যাট করতে নেমে ১৮০ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব। জবাব দিতে নেমে হাবিবুর রহমানের সেঞ্চুরি (১০২*) ও আনিসুল ইসলামের (৬১) ফিফটিতে ভর করে মাত্র ২৪.১ ওভারে জয় নিশ্চিত হয়ে যায় গাজী গ্রুপের।










