ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে যে গুলি করেছে, খুব অভিজ্ঞ ছাড়া এভাবে কেউ গুলি করতে পারে না বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে শারীরিক অবস্থা জানাতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জিক্যাল বিভাগে ওসমান হাদির অপারেশন টিমের সদস্য ও এনসিপির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব চিকিৎসক আব্দুল আহাদ এ কথা বলেন।

ওসমান হাদীকে যে ব্যক্তি গুলি করেছে সে খুবই প্রশিক্ষণপ্রাপ্ত ছিল উল্লেখ করে চিকিৎসক আব্দুল আহাদ বলেন, আমি সার্জন হিসেবে বলতে চাই, এক্সপার্ট হিসেবে হ্যাট স্যুট করা হয়েছে। তার ডান পাশ দিয়ে গুলি করা হয়েছে। যেখানে ব্রেনের এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে তার সামনে দিয়ে তা ভেদ করে বিপরীত দিক দিয়ে বের হয়েছে। খুব অভিজ্ঞ ছাড়া এভাবে কেউ গুলি করতে পারে না।

এনসিপির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব এই চিকিৎসক আব্দুল আহাদ বলেন, এখন দেশে যে অবস্থা আমরা দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনী এখনও সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি, জুলাইয়ের পক্ষে যারা শক্তি আছি, আমাদের সবার জীবন হুমকির মুখে।