নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে শহরের নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের খলিশাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোলা পালসা গ্রামের আফাজ উদ্দিন (৫৫) ও তার স্ত্রী বিলকিস বানু (৫০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আফাজ উদ্দিন তার স্ত্রী বিলকিসকে নিয়ে নওগাঁ শহর বাইপাস হয়ে মোটরসাইকেলে পাশ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী ‍উপজেলায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের খলিশাকুড়ি এলাকায় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করাসহ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।