ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে সারা দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় রাস্তা সংস্কার বা অন্যান্য উন্নয়নমূলক কাজের কারণে যাতে গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন সংযোগ বিচ্ছিন্ন না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট দফতরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সম্প্রতি ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। চিঠিটি স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, নির্বাচনী কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দ্রুত ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী সময়ে মহাসড়ক বা সড়কের উন্নয়নকাজ পরিচালনার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে সমন্বয় করতে হবে। কোনো অবস্থাতেই যেন মাটির নিচে থাকা অপটিক্যাল ফাইবার বা গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ লাইন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।










