রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রলীগ ও ছাত্র-জনতার সঙ্গে ব্যাপক সংঘর্ষ ঘটেছে। ছাত্রলীগ নেতাকর্মীরা পিজিতে অবস্থান নেন। অন্যদিকে ছাত্র-জনতা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। বিক্ষুব্ধ জনতা বেশকিছু গাড়ি ভাংচুর এবং সিসিটিভি নষ্ট করে দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, আজ রোববার (৪ আগস্ট) সকাল থেকে পুরান ঢাকা থেকে চাংখারপুল ও বকসিবাজার দিয়ে হাজার হাজার ছাত্র, জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে। এদের একাংশ রাজু ভাস্কর্যে অবস্থান নেয়। কেউ কেউ চলে যায়। বাঁশ, লাঠি, গাছের ডাল দেখা গেছে তাদের অনেকের সঙ্গে। সবাই এসেছেন সরকার পতনের এক দফা দাবিতে।

এদিকে, শাহবাগে আগে থেকেই অবস্থান নিয়েছিল ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা এত বেশি জনতা দেখে পিজির ভেতরে অবস্থান নেয়। উপস্থিত একজন পথচারী জানান, ছাত্রলীগ ভেতর থেকে উসকানি দেয়ায় জনতা ক্ষেপে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় ভিডিও ফুটেজ নেয়ার সময় এক ফটো সাংবাদিককে আটক করে জনতা। মাথায় আঘাতও করে। এদের মধ্যে কয়েকজন তাকে রক্ষা করে। একটু পর এসএ টিভির গাড়ি ভাংচুর করে জনতা। এর আগে বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

অন্যদিকে, পিজির ভেতর থেকে বিশাল ধোঁয়া ভেসে আসতে দেখা যায়। ভেতরে আটকা পড়া সাংবাদিকরা জানান, পিজি হাসপাতালের গাড়ি পোড়ানো হয়েছে।

এ পুরো ঘটনায় নীরব ভূমিকায় ছিলেন পুলিশ সদস্যরা। একটু দূরে শাহবাগ থানার সামনে শতাধিক পুলিশ সদস্যকে থানায় প্রহরা দিতে দেখা যায়। জনতার সঙ্গে পুলিশের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।