যশোরের বাঘারপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার রিপন মুন্সির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও পর্নোগ্রাফি আইনে আদালতে মামলা হয়েছে। আজ সোমবার মামলাটি করেছেন তারই অফিসের এক নারী নকল নবিশ। নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুন্যাল-১ এর দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক অভিযোগটি গ্রহণ করেন। আগামী ২ আগস্ট আদেশের জন্য দিন ধার্য করেছেন তিনি।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১৮ জানুয়ারি থেকে ওই নারী বাঘারপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে অস্থায়ী ভিত্তিতে নকল নবিস পদে চাকরি করে আসছেন। গত ৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে নিজ কক্ষে ওই নকল নবিসকে ডেকে পাঠান সাব-রেজিস্টার। তার কক্ষে যাওয়ার পর আসামি তাকে ধর্ষণের চেষ্টা করেন। ২০ জুন সাব-রেজিস্টার তাকে মৌখিকভাবে সাময়িক বরখাস্ত করেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে তা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।










