বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আশরাফুল (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে ফকিরহাটের বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খুলনা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার বাসিন্দা।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, ভাইপোকে নিয়ে খুলনা-মাওয়া মহাসড়ক দিয়ে সাতক্ষীরা যাচ্ছিলেন আশরাফুল।ফকিরহাটের বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পর্যটক বাস নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক আশরাফুলের মৃত্যু হয়। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। ধাক্কা দেয়া বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।