সদ্যই শ্রীলংকার মাঠে টেস্ট সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। দুই চেনা দল আবার মুখোমুখি। এবার ফরম্যাট ভিন্ন, ভেনুও ভিন্ন। বাংলাদেশে আজ শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা ১টায় শুরু হবে প্রথম ওয়ানডে। ২৫ ও ২৮ মে এ মাঠেই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।

আইসিসি সুপার লিগ পয়েন্টের জন্য মরিয়া শ্রীলংকা, যেখানে বর্তমানে নেগেটিভ অবস্থানে রয়েছে তারা (তিন ম্যাচে পয়েন্ট মাইনাস ২)। ছয় ম্যাচে ৩০ পয়েন্ট পাওয়া বাংলাদেশ চাইবে অবস্থান আরেকটু সংহত করতে। ২০১৯ বিশ্বকাপের পর দুই দলই ওয়ানডে খুব বেশি খেলেনি। তাই আজ শুরু হতে যাওয়া সিরিজে সুপার লিগ টেবিলের দিকেই মনোযোগ থাকবে দুই দলের। বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ার রেস ছাড়াও স্বাগতিক দলটি জয়খরা কাটিয়ে উঠতে মরিয়া। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারানোর পর সব ফরম্যাট মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ।

আসন্ন ব্যস্ত সূচিতে বর্তমান খারাপ ফর্ম ও সময় কাটিয়ে উঠতে চায় বাংলাদেশ। ঘরের মাঠে খেলা হওয়ায় কিছুটা সুবিধা পাবে বাংলাদেশ। যদিও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট চিরাচরিতভাবে ধীর ও বল সেখানে বেশ নিচু হয়। সাধারণত এখানে স্কোর খুব বড় হয় না। সর্বশেষ পাঁচ ওয়ানডের মধ্যে চারটিতেই আগে ব্যাটিং করা দল এখানে হেরেছে।

মিরপুরের উইকেটে এবার দ্রুতগতিতে রান তুলে বড় সংগ্রহ গড়তে চায় বাংলাদেশ এবং স্কোয়াডে ভালো মানের পেস বোলারও রয়েছেন। এছাড়া টাইগারদের উজ্জীবিত করবেন সাকিব আল হাসান, যিনি নিউজিল্যান্ড ও শ্রীলংকায় সর্বশেষ সফরে যাননি। স্বাগতিকরা আশায় আছে, আরেকবার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর সঙ্গে মিলে দলের ত্রাতা হয়ে উঠবেন সাকিব।

আজ বেশির ভাগ আলোই থাকছে সাকিবের ওপর। তিনি ৩ নম্বরে ব্যাট করবেন, যেখানে এতদিন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারকে খেলিয়ে সফল হয়নি দল। সৌম্য স্কোয়াডে থাকলেও বাদ পড়েছেন শান্ত।

এছাড়া সাকিবের বোলিংটা দলের শক্তি বাড়িয়ে দেবে। বোলিং আক্রমণ নিয়ে অধিনায়ক তামিম বলেন, ম্যাচ জিততে আপনাদের বোলিং ভালো করতে হবে। আমরা সেরা দুই বোলারকেই ফিরে পেয়েছি—সাকিব ও মুস্তাফিজুর (রহমান)। তাসকিনও (আহমেদ) অবিশ্বাস্য বল করছে। মিরাজ তো বিশ্ব র্যাংকিংয়ে ৫ নম্বরে। দারুণ এক বোলিং পারফরম্যান্সের আশা করছি আমি।

এদিকে তারুণ্যনির্ভর শ্রীলংকা দলকে নেতৃত্ব দেবেন ব্যাটসম্যান কুশল পেরেরা, তার ডেপুটি হিসেবে থাকবেন কুশল মেন্ডিস। ফাস্ট বোলার শিরান ফার্নান্দো প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন, আর চামিকা করুণারত্নে ও বিনুরা ফার্নান্দো প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে। চামিকা একটি টেস্ট ও বিনুরা দুটি টি২০ খেলেছেন। ধনঞ্জয়া ডি সিলভা ও ইসুরু উদানার মতো তারকাকে অন্তর্ভুক্ত করা হলেও স্কোয়াডের বেশির ভাগ মুখই নতুন—পাথুম নিশাঙ্কা, আশেন বান্দারা, রমেশ মেন্ডিস ও আসিথা ফার্নান্দো।

এদিকে আবারো বাংলাদেশ ক্রিকেট দলের আন্তর্জাতিক সিরিজে টাইটেল স্পন্সর হতে যাচ্ছে আলেশা হোল্ডিংস লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান আলেশা মার্ট। আজ বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে শুরু হতে যাওয়া ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১’-এর প্রধান পৃষ্ঠপোষক বা টাইটেল স্পন্সর হিসেবে থাকছে আলেশা মার্ট। পাশাপাশি সহযোগিতায় বা পাওয়ার্ড বাই হিসেবে থাকছে ওয়ালটন। সিরিজটির টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিংয়ের দায়িত্ব পালন করছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম।