রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হলেও রাজশাহী ওয়াসাকে বাণিজ্যিক প্রতিষ্ঠানের রুপ দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। আজ রোববার দুপুরে নগরীর হড়গ্রাম এলাকায় নিজের ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বাদশা। 

সম্প্রতি পানির দাম তিনগুণ বাড়িয়েছে ওয়াসা। এরই প্রতিবাদে রাজশাহীর সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো আন্দোলন শুরু করেছে। সংবাদ সম্মেলন থেকে সেই আন্দোলনেও একাত্মতা জানিয়েছেন এ ওয়ার্কার্স পার্টির নেতা।

সংবাদ সম্মেলনে বাদশা বলেন, খোঁড়া কৌশল অবলম্বন করে জনগণের সেবা নিশ্চিত করার পরিবর্তে লাভ-লোকশানের হিসাব কশছে ওয়াসা। এমনটা আশা করি না। এটি পুরোপুরি অযৌক্তিক।

তিনি বলেন, সবার আগে জনগণকে সুপেয় পানি সরবরাহ করা ওয়াসার মূল দায়িত্ব। এটি পালনে ব্যর্থ হলে সে দায় তাদেরই। অধিক মূল্য পরিশোধের মাধ্যমে জনগণ তাদের লোকশানের দায়িত্ব নিতে পারে না। আমরা ওয়াসাকে দানব হিসেবে দেখতে চাইনা, সেবামূলক বিনয়ী প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই।

সংবাদ সম্মেলনে পানির দাম বাড়ানোয় চলমান বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিকে পুরোপুরি সমর্থন দেন দেশের বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তিনি বলেন, রাজশাহীর মানুষ বরাবরই সংগ্রামী। আমরা লড়াইয়ের মাধ্যমে অধিকার ছিনিয়ে আনতে জানি। পানির অযৌক্তিক মূলবৃদ্ধির ক্ষেত্রেও সেটির ব্যত্যয় ঘটবে না।

স্থানীয় এই সংসদ সদস্য আরো বলেন, জনগণ সামাজিক ও রাজনৈতিকভাবে ওয়াসার এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আমি এলাকার সংসদ সদস্য হিসেবে এটিকে পুরোপুরি সমর্থন করি। জনগণের নৈতিক স্বার্থে এটি আমার দায়িত্ব। তারা বৃহৎ কোন কর্মসূচিতে গেলে আমি সবসময় তাদের পাশে আছি।

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবাসিক ভবনে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতি হাজার লিটার পানির দাম ২ টাকা ২৭ পয়সা ছিল। ১ ফেব্রুয়ারি থেকে তা বাড়িয়ে ৬ দশমিক ৮১ টাকা করা হয়েছে।

একই সময়ে, বাণিজ্যিক পানির দাম, যা আগে প্রতি হাজার লিটার ছিল ৪ টাকা ৫৪ পয়সা, তা বাড়িয়ে ১৩ টাকা ৬২ পয়সা করা হয়েছে।

জানুয়ারিতে জারি করা ওয়াসার নোটিশে উল্লেখ করা হয়েছে, নতুন মূল্য ভবনে ব্যবহৃত পাইপের ব্যাস ও তলার ভিত্তিতে করা হবে। পানির বাড়তি মূল্য আরোপ করার পর থেকেই রাজশাহীতে শুরু হয়েছে আন্দোলন।