বরিশালে তরুণীকে ধর্ষণের মামলায় মো. সাইদুল রাঢ়ি নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলার আরেক আসামিকে খালাস দেয়া হয়েছে। গতকাল বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন।

দণ্ডিত সাইদুলের বাড়ি হিজলা উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামে। আর খালাস দেয়া হয়েছে মান্নান ব্যাপারীকে।

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ জানান, ২০১০ সালের ২৩ এপ্রিল আসামি সাইদুল বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে একই এলাকার মান্নান ব্যাপারীর বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে সাইদুল ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায়  তরুণীর মা বাদী হয়ে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।