কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে গতকাল এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। এর পর পরই শিক্ষার্থীরা মিছিল নিয়ে একটি হলের তালা ভেঙে ফেলেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণাপত্রটি পাঠ করে বলেন, কুয়েট ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছেন। শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিতে ইন্ধন জুগিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করেছেন। আমরা ছয় দফা থেকে এক দফা ঘোষণা করছি। এ ভিসিকে অপসারণ এখন আমাদের একমাত্র দাবি।
ঘোষণাপত্রটি পাঠ করার পর শিক্ষার্থীরা বিভিন্ন হলের ভেতরে প্রবেশ করার ঘোষণা দেন। এর পর পরই শিক্ষার্থীরা মিছিল নিয়ে খান জাহান আলী হলের দিকে যান। সেখানকার প্রধান ফটকের তালা ভেঙে ফেলেন। এরপর বেলা আড়াইটা পর্যন্ত আন্দোলনকারীরা কুয়েটের ছেলেদের ছয়টি হলের তালা ভেঙে ফেলেন।
কুয়েট উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ বলেন, ‘আমি সিন্ডিকেটে বিষয়টা উপস্থাপন করব। এ বিষয়ে সিদ্ধান্ত সিন্ডিকেটই নেবে।’










