অর্থ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান বলেছেন, কর্ণফুলী নদী চট্টগ্রামবাসীর প্রাণ। কর্ণফুলী নদী বাঁচলে চট্টগ্রামবাসী বাঁচবে। কর্ণফুলী সোসাইটি কর্তৃক নববর্ষ উদযাপনের আজকের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশ সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপান্তরকারী নেতৃত্বে সমৃদ্ধ স্মার্ট ভবিষ্যৎ নির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান অর্থ প্রতিমন্ত্রী।

রোববার (১৪ এপ্রিল) কর্ণফুলী সোসাইটির উদ্যোগে ‘বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাম্পান বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অর্থ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি প্রধান বক্তা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, সহসভাপতি শাহজাদা মহিউদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, শামীমা হারুন এমপি, উপপুলিশ কমিশনার শাকিলা সুলতানা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, কর্ণফুলী উপজেলা আ.লীগ সহসভাপতি এসএম ছালেহ, জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি নুরুল হক, উপজেলা আ.লীগ সদস্য মহিউদ্দিন মাইজভাণ্ডারী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা আ.লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য ডা. নাছির উদ্দীন মাহমুদ, সালাউদ্দিন সাকিব, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে চট্টগ্রামের পটিয়ায় ‘সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ-১৪৩১ বঙ্গাব্দ’ আয়োজিত বর্ষবরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলা নববর্ষ বরণ চিরায়ত বাংলার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ঐতিহ্যগত উৎসব, যা সবাইকে আপ্লুত করে। সামনে এগিয়ে চলার অফুরন্ত প্রেরণা জোগায় নববর্ষের উৎসব। চৈত্রসংক্রান্তি, বৈশাখী মেলা, মঙ্গল শোভাযাত্রা ইত্যাদি কার্যক্রম দেশীয় সংস্কৃতিকে বেগবান করার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। ছরওয়ার কামাল রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি মো. আইয়ুব আলী ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।