দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক আবদুল্লাহ-আল-জাহিদকে মহাপরিচালক এবং উপপরিচালক মো. আনোয়ারুল হককে পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুদক পরিচালক দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া আগামী সপ্তাহে পরিচালক আবদুল করিমকে মহাপরিচালক পদে পদোন্নতি দেয়া হতে পারে বলে দুদক সূত্রে জানা গেছে। উপপরিচালক থেকে পরিচালক পদেও আরো কয়েকজনকে পদোন্নতি দেয়া হতে পারে।
আবদুল্লাহ-আল-জাহিদ বর্তমানে দুদকের গোয়েন্দা শাখার পরিচালক। বর্তমানে দুদকের মহাপরিচালক (প্রশিক্ষণ ও আইটি) পদটি খালি রয়েছে।
আব্দুল্লাহ-আল-জাহিদ ২০২৬ সালের ১৬ জুলাই অবসরে যাবেন। তিনি ১৯৯৫ সালে প্রথম শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদায় ডিস্ট্রিক্ট অ্যান্টি করাপশন অফিসার (ডিএসিও) হিসেবে তখনকার দুর্নীতি দমন ব্যুরোতে যোগ দেন। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে তাদের নিয়োগ হয়।
তিনি দুর্নীতি প্রতিরোধ বিষয়ে থাইল্যান্ডের এআইটি থেকে এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে মালয়েশিয়া থেকে কোর্স সম্পন্ন করেন। এছাড়া চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আমেরিকার আটলান্টায় বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তিনি ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি আইন শাস্ত্রে এলএলবি এবং ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
তার সহধর্মিণী বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন কর্মকর্তা এবং গাইনোকলজিস্ট।










