চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রাম থেকে ৯ কেজি ৮৬০ গ্রাম ওজনের স্বর্ণসহ চোরাকারবারি রকিবুল ইসলামকে (৩৫) আটক করেছেন বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ অবৈধ স্বর্ণের বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক গতকাল জাফরপুর বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
বিজিবি জানায়, ভারতে স্বর্ণ পাচার করা হচ্ছে—এমন সংবাদ পেয়ে বারাদী বিওপির হাবিলদার জুলহাস উদ্দিনসহ একদল বিজিবি সদস্য সীমান্তের নাস্তিপুর গ্রামের কবরস্থান এলাকায় অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে দাঁড়াতে বললে সে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটকের পর তার মোটরসাইকেল তল্লাশি করে সিট কভারের নিচে এয়ার ক্লিনার ফিল্টার বক্সের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১১টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। এতে ছোট-বড় ৫৮টি স্বর্ণের বার পাওয়া গিয়েছে। সেগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি ও চোরাচালান কাজে ব্যবহূত মোটরসাইকেলটি দর্শনা থানায় জমা করা হয়েছে। থানায় মামলা হয়েছে।









