দিনাজপুরের ঘোড়াঘাটে সাড়ে তিন বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির আপন মামা লাল মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল রবিবার বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এই ধর্ষণের ঘটনাটি ঘটে। এঘটনায় শিশুটির চাচা মীর হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। আজ সোমবার সকালে লাল মিয়াকে দিনাজপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতার লাল মিয়া উপজেলার মগলিশপুর পূর্বপাড়ার মৃত নইমুদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা-মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সুবাধে শিশুটি তার নানীর কাছে থাকতো। প্রতিদিনের মতো গতকাল রবিবার দুপুরের পর শিশুটি তার নানী বাড়ির পাশের সরিষার ক্ষেতে খেলাধুলা করছিল। এসময় শিশুটির মামা লাল মিয়া তাকে কোলে নিয়ে আদরের ছলে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হলে শিশুটি কান্না শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে লাল মিয়াকে স্থানীয়রা গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরায়। পরে তাকে পুলিশের নিকট সোপর্দ করে।
নির্যাতনের শিকার শিশুটির চাচা মীর হোসেন বলেন, আমার ভাই ও ভাবি গার্মেন্টসে কাজ করার কারণে ঢাকায় অবস্থান করছেন। সে কারণে আমার ভাইয়ের মেয়ে তার নানার বাড়িতে থাকে। গতকাল বিকেলে তার ওই মামা ছোট শিশুটিকে নির্যাতন করেন। এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এঘটনায় আমি নিজে বাদী হয়ে তার নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছি।
ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন জানান, এলাকাবাসী অভিযুক্ত লাল মিয়াকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার নিজের দোষের কথা স্বীকার করেছে। এব্যাপারে শিশুর চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত লাল মিয়াকে আজ সোমবার সকালে দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে।










