দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে যৌথভাবে কাজ করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সুইসকন্টাক্ট।
মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে বিডার সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে আরো শক্তিশালী ও টেকসই করা। সেইসঙ্গে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে সরকার নানা সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। সুইসকন্টাক্টের সঙ্গে এ অংশীদারিত্ব আমাদের ‘ইনভেস্টর-ফার্স্ট’ মডেল বাস্তবায়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
তিনি আরো জানান, সরকারের লক্ষ্য হলো বিনিয়োগকারীরা যেন বাংলাদেশকে দক্ষ, সেবা-বান্ধব ও সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে দেখতে পান।
সুইসকন্টাক্টের প্রতিনিধি দল জানায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বেসরকারি খাতের টেকসই উন্নয়ন ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। নতুন এ উদ্যোগ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও তরুণ-নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।
চুক্তির আওতায় তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো — প্রমাণনির্ভর বিনিয়োগ পরিবেশ বিশ্লেষণ ও সমন্বয় জোরদার, বিডাকে একটি বিশ্বমানের বিনিয়োগ প্রচার সংস্থা হিসেবে শক্তিশালী করা, খাতভিত্তিক বিনিয়োগ সম্প্রসারণ ও ব্যাকওয়ার্ড লিংকেজ উন্নয়ন।
বিডা ও সুইসকন্টাক্ট উভয় প্রতিষ্ঠানই আশা করছে, এ অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ আরো উন্নত হবে, মানসম্পন্ন বিনিয়োগ বাড়বে এবং টেকসই শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠবে।
-বিজ্ঞপ্তি










