রাজশাহীর মোহনপুর উপজেলায় বাসের চাপায় জুয়েল রানা (৩১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের উপজেলার সাঁকোয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কুরকুটি গ্রামের মহিবুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলার আদমদিঘি থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। 

নিহতের স্বজনরা জানায়, স্ত্রী সুলতানা বেগম রুমার (২৬) চিকিত্সা শেষে রাজশাহী থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। এমন সময় দুর্ঘটনাটি ঘটে। এতে সুলতানা বেগম রুমাও গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, মহাসড়কের সাঁকোয়া এলাকায় নওগাঁগামী শিশির স্পেশাল পরিবহণের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬১৮৭) মোটরসাইকেল আরোহী দম্পতিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুয়েল রানা। দুর্ঘটনায় তার স্ত্রী সুলতানা বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী বাসটি ফেলে পালিয়ে গেছেন। পরে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।