উৎসবের প্রথম দিন সকাল ১০টায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজন করা হয় শিশুদের স্বতঃস্ফূর্ত চিত্রাঙ্কন উৎসব ও প্রতিযোগিতা। আয়োজকরা জানান, এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিশুশিল্পী অংশ নেয়। শিশুদের মধ্যে সুলতানের শিল্পচেতনা ও শিল্পকর্ম ছড়িয়ে দিতেই এ বিশেষ প্রতিযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে।

দুই দিনব্যাপী এ উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও রয়েছে শিশুদের আঁকা ছবি প্রদর্শনী, সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর হাইদার দেওয়ান, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, সদস্য মুন্সি আসাদুর রহমানসহ আরো অনেকে।