কুড়িগ্রাম সদর উপজেলার চর রসুলপুর গ্রামে এক কৃষকের গোয়ালঘরে অগ্নিকাণ্ডে আটটি গরুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আরো ১২টি গরু আগুনে পুড়ে আহত হয়।

স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে চর রসুলপুর গ্রামের আয়নাল মিয়ার গোয়াল ঘরে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে গোয়ালঘরে থাকা আটটি গরু পুড়ে মারা যায়। এ সময় আরো ১২টি গরু দগ্ধ হয়।

আয়নাল মিয়া বলেন, গরু পালন করেই আমি জীবিকা নির্বাহ করি। আমার সবকিছু শেষ হয়ে গেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত গরুগুলোকে চিকিৎসা দিয়েছে। তবে শরীর পুড়ে যাওয়ায় এসব গরু আশঙ্কামুক্ত নয়।

কুড়িগ্রাম সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফার ইয়াছমিন বলেন, চরে গোয়ালঘরে আগুন লেগে গরুর মৃত্যুর ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে ক্ষয়ক্ষতির প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।