এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। গতকাল রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর।
নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও ল্যান্স করপোরাল জুবাইদুল। আহতদের মধ্যে করপোরাল সিফাত ওরফে আবু সাঈদ, করপোরাল মাহবুব এবং এলএসি আহাদের অবস্থা গুরুতর। সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।
আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেন, ‘দুর্ঘটনায় নিহত তিনজনই বিমান বাহিনীর সদস্য। আরো কয়েকজন আহত হয়েছেন।’
জানা গেছে, গতকাল রাত ১০টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিয়মিত ডিউটি পালনকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্য নিহত এবং চার সদস্য আহত হন।
পিকআপটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।










