সাতক্ষীরার বাশদহা শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ হোসেন মোশাকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে কলেজ থেকে বের হয়ে সাতক্ষীরা শহরে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার চেষ্টা চালায়।
তিনি সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
বাশদহা শহীদ স্মৃতি কলেজের উপাধ্যক্ষ দীপক কুমার মল্লিক জানান, অধ্যক্ষ মোশাররফ হোসেন মোশা কলেজের কাজ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার উদ্দেশে মোটরসাইকেলে বের হয়ে যান। কলেজের গেট থেকে একটু দূরেই বাশদহ গ্রামের আব্দুল জলিলের বাড়ির সামনে পৌঁছলে পেছন থেকে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইউম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুলি এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।









