শেষ শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে পোপ ফ্রান্সিসের মরদেহ ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হয়েছে। সেখানে মৃতদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী-পেশার লাখো মানুষ। শনিবার অন্ত্যেষ্টিক্রিয়ার আগে তিনদিনের জন্য ফ্রান্সিসের মৃতদেহ ভ্যাটিকানের এ প্রধান গির্জায় রাখা হবে।

এদিকে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিনদিনের শোক পালন করছে বাংলাদেশ। এর অংশ হিসেবে বৃহস্পতি থেকে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের দোহা থেকে সরাসরি ইতালির রাজধানী রোমে যাবেন। আজ অধ্যাপক ইউনূসের রোমের উদ্দেশে দোহা ত্যাগ করার কথা রয়েছে। তিনি চারদিনের রাষ্ট্রীয় সফরে এখন দোহায় অবস্থান করছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রোম থেকে ভ্যাটিকানের মূল সড়কজুড়ে বসন্তের কোমল রোদে ছড়িয়ে পড়েছিল শোক ও শ্রদ্ধার আবহ। সেন্ট পিটার্স ব্যাসিলিকার পথে হাজারো মানুষ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন, তাদের একজন করে শেষবারের মতো উন্মুক্ত কফিনে শায়িত পোপ ফ্রান্সিসকে একনজর দেখে নিচ্ছিলেন।

৮৮ বছর বয়সে সোমবার সকালে ভ্যাটিকানের সান্তা মার্তা অতিথি ভবনের নিজ ঘরেই শেষ নিশ্বাস ত্যাগ করেন পোপ। বুধবার সকালে ভাবগাম্ভীর্যপূর্ণ এক শবযাত্রার মধ্য দিয়ে তার মরদেহ নিয়ে আসা হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। কার্ডিনাল, বিশপ, মোমবাতি বহনকারী পাদ্রি এবং সুইস গার্ডদের সঙ্গে গির্জার গায়ক দল লাতিন প্রার্থনা গাইতে গাইতে মিছিলে অংশ নেন। যখন মরদেহবাহী কফিন ব্যাসিলিকার প্রধান স্কয়ারে প্রবেশ করে, তখন চত্বরে উপস্থিত কয়েক হাজার মানুষ করতালির মাধ্যমে শ্রদ্ধা জানান—ইতালীয় ঐতিহ্য অনুসারে এটিই পবিত্র বিদায়ের অভিব্যক্তি।

ব্রিটেন থেকে আসা রাচেল ম্যাকে বলেন, ‘তিনি আমাদের পরিবারের একজন ছিলেন, আমাদের হৃদয়ের খুব কাছাকাছি। তিনি গির্জাকে সবার জন্য উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক করে তুলেছিলেন।’ ভ্যাটিকানের কর্মকর্তাদের সহায়তায় সাদা দস্তানা ও কালো পোশাক পরিহিত ১৪ জন বহনকারী কফিনটি ব্যাসিলিকার বিশাল ব্রোঞ্জ দরজা দিয়ে নিয়ে গিয়ে স্থাপন করেন একটি পাথরের স্তম্ভে। মরদেহের পরনে রয়েছে পোশাক, মাথায় সাদা পাগড়ি, আর হাতের মুঠোয় ধরা জপমালা।

যুক্তরাষ্ট্র থেকে আসা অ্যালেক্স ল্যানার্টজ প্রথম শ্রদ্ধা জানানোর সুযোগ পাওয়া একজন দর্শনার্থী। তিনি বলেন, ‘এটি পরাবাস্তব এক অনুভূতি—একদিকে মৃতদেহ দেখা, আরেকদিকে তার জীবনের আদর্শগুলো স্মরণ করা।’ সোমবার ৮৮ বছর বয়সী ফ্রান্সিস মারা যান। এক যুগ ধরে রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ পদ অলংকৃত করা ফ্রান্সিস ভ্যাটিকানের বিভিন্ন নিয়ম ও প্রথার যুগান্তকারী সংস্কার করেন। শনিবার সকাল ১০টায় সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণ সেন্ট পিটার্স স্কয়ারে এ অন্ত্যেষ্টিক্রিয়া হবে। চার্চের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাতিস্তা রে। শেষকৃত্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়ার পাশাপাশি ইতালি, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ইউক্রেন, আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন।