স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কাতারের রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। রোববার (১৯ অক্টোবর) দোহাস্থ বাংলাদেশ দূতাবাসে পৌঁছলে সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান তাকে স্বাগত জানান।

উপদেষ্টা দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং পরিদর্শন করেন এবং সেখানকার কার্যক্রমের খোঁজখবর নেন। বিশেষ করে সেখানে চলমান ই-পাসপোর্ট সেবা প্রদান কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বিভিন্ন সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

উপদেষ্টা সেবাগ্রহীতাদের যেন সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করা হয় এবং কোনো প্রকার হয়রানির শিকার না করা হয়, সে বিষয়েও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন।