আজ বুধবার (৩১ জুলাই) বিকেল ২টার পর চালু হয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ। এর আগে ডাক, আজ বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুলে দেয়ার কথা জানিয়েছিলেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেছিলেন, যেসব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারে কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনায় আজকে তা প্রত্যাহার করে নিচ্ছি।

আজ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মালিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে ৯টা থেকে বৈঠক হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। আজ ৩১ জুলাই খুলে দেয়া হলো ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম।