শুষ্ক মৌসুমে ধরলা নদীর ভাঙনরোধে তীর রক্ষার কাজ শুরু করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকায় ধরলার বাম তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন চর সিতাইঝাড় নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল গফুর, সাবেক ইউপি সদস্য কেরামত আলী, পল্লী চিকিৎসক আমির হোসেন, স্থানীয় বাসিন্দা দারোগ আলী, ইউনুছ আলী, শাওন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ধরলার বাম তীরে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ছয় বছর ধরে তীর রক্ষায় ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এতে প্রতি বছর বর্ষা মৌসুমে এসব এলাকায় শত শত ঘর-বাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। অথচ ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি। এবার শুষ্ক মৌসুমেই ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে কয়েকটি গ্রাম ও বিভিন্ন স্থাপনা। আগামী বর্ষা মৌসুম আসার আগেই জরুরি ভিত্তিতে তীর রক্ষার কাজ করে ধরলার ভাঙন রোধের দাবি জানান বক্তারা।