বগুড়ার আদমদীঘিতে একটি ফার্মেসিতে আগুন লেগে ওষুধ, ল্যাপটপ, ফ্রিজ, মূল্যবান কাগজ ও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে সততা ক্লিনিকের নিচে ওই ফার্মেসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভোর ৫টায় আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফার্মেসির মালিক পল্লী চিকিৎসক আতোয়ার রহমান স্বপন জানান, শুক্রবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত দোকানে ওষুধ বেচাকেনা করার পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যান। রাতে তার দোকান ঘরের পশ্চিম দিকের জানালার কাঠের চৌকাঠ ও গ্রিল ভেঙে দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। রাত ৪টায় খবর পেয়ে দোকানের শাটার খুলে দেখেন ঘরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে।