ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পরপর দুই রাতে বিদায় নিল ফেভারিট পর্তুগাল ও ফ্রান্স। সোমবার রাতে সুইজারল্যান্ডের সঙ্গে ৩-৩ গোলের রোমাঞ্চকর লড়াই শেষে টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে বিদায় নিয়েছে হট ফেভারিট ফ্রান্স। সোমবার আরেক মহানাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলের থ্রিলারে হারিয়েছে স্পেন। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও সুইজারল্যান্ড।

এবারের ইউরো থেকে সুইজারল্যান্ডের বিদায় মাত্র কয়েক সেকেন্ড দূরে ছিল। কিন্তু শেষ মুহূর্তে গোল করে সব হিসাব-নিকাশ পাল্টে দেন গ্রানিত শাকা। এরপর অতিরিক্ত সময়ের খেলা আর টাইব্রেকারের নাটকীয়তা। টাইব্রেকারে ফ্রান্সের হয়ে গোল করতে ব্যর্থ হয়েছেন সময়ের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে।

২০২০ ইউরোয় এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় অঘটন। ফুটবল বোদ্ধাদের চোখে ফ্রান্সই ছিল এবারের আসরে সবচেয়ে বড় ফেভারিট। ২০১৬ সালের ইউরো ফাইনালে পর্তুগালের কাছে হারের পর বিশ্বকাপ ও ইউরো মিলে এই প্রথম কোনো ম্যাচে হারল দিদিয়ের দেশমের দল! আবার ১৯৩৮ সালের পর এই প্রথম বড় কোনো আসরের নকআউট ম্যাচ জিতল সুইজারল্যান্ড।

হারিস সেফেরোভিচ ১৫ মিনিটে গোল করে এগিয়ে দেন সুইজারল্যান্ডকে। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করার দারুণ সুযোগ ছিল রদ্রিগেজের। যদিও তিনি ব্যর্থ হন। এই লাইফলাইন পেয়ে দারুণভাবে ম্যাচে ফেরে ফ্রান্স। করিম বেনজেমা ২ মিনিটের ব্যবধানে (৫৭ ও ৫৯ মিনিট) দুটি গোল করে দলকে এগিয়ে দেন। ৭৫ মিনিটে পল পগবার ব্যবধান ৩-১ করে ফেললে ফ্রান্স সমর্থকরা হয়তো নিশ্চিত জয়ের কথাই ভাবছিলেন। কিন্তু নাটকীয়তা যে তখনো বাকি। ৮১ মিনিটে সেফেরোভিচ আবারো ফরাসিদের হূদয় ভেঙে গোল করে বসলে জেগে ওঠে সুইস স্বপ্ন। ৯০ মিনিটে গ্রানিত শাকা গোল করে ৩-৩-এ সমতা এনে স্বপ্নপূরণের পথে আরো একধাপ এগিয়ে নেন দলকে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

দুই দলের ৯ খেলোয়াড় পেনাল্টিতে গোল করলেও ব্যর্থ হন শুধু এমবাপ্পে। তাতেই এবারের ইউরো থেকে বিদায় নেয় ১৯৮৪ ও ২০০০ আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স।

ফ্রান্সের অধিনায়ক হিসেবে ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছেন দিদিয়ের দেশম। কোচ হিসেবে জিতেছেন ২০১৮ সালে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার সুযোগ ছিল ২০১৬ সালে। সেবার ফাইনালে হেরেছেন। এবারো হলো না। পরাজয় শেষে বিমর্ষ ফরাসি কোচ বলেন, এই হারের পুরো দায় আমার এবং খেলোয়াড়দের তা বলেছিও। যখন ফ্রান্স জিতে যায় তখন অবশ্যই কৃতিত্ব খেলোয়াড়দের, আর হারলে দায় চলে আসে আমার ওপর।