দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জে দুজন নিহত হয়েছেন। এছাড়া কুড়িগ্রাম, মাদারীপুর ও লক্ষ্মীপুরে আরো তিনজন প্রাণ হারিয়েছেন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

কুড়িগ্রাম: জেলার উলিপুরে ব‌্যাটা‌রিচা‌লিত অটোরিকশা উল্টে কপিল উদ্দিন (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বেলা ৩টার দিকে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের যাদুপোদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ক‌পিল উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাত‌ভিটা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হবে।

মাদারীপুর: শিবচরে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ওই নারী ভোরে মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয়েছেন বলে ধারণা পুলিশের।

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর: জেলার রামগতিতে ট্রলির ধাক্কায় অটোরিকশায় থাকা এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল দুপুরে পোড়াগাছা স্টিল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিয়া আক্তার (১৩) চরপোড়াগাছা ইউনিয়নের মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও ওই এলাকার আলী হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, দুপুরে বিদ্যালয়ে ছুটির পর সামিয়া আক্তার সহপাঠীদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। পোড়াগাছার স্টিল ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি সামনে থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় সামিয়া আক্তারসহ চারজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় সামিয়া। আহত তিনজনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রামগতি থানার ওসি মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ: জেলার কাজিপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। গতকাল বিকালে উপজেলার বড়ইতলি বাসট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জীবন (২০) উপজেলার আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ছাত্র।

কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, বিকাল ৫টার দিকে জীবন প্রাইভেট পড়াতে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবন মারা যান।

অন্যদিকে রায়গঞ্জে চলন্ত ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাকচালক নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ। নিহত চালক মো. হিমেল (২৪) দিনাজপুর সদর উপজেলার গাবুরা গ্রামের আব্দুল লতিফের ছেলে।