ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এরপর সোমবার থেকে এসব প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হবে।

আজ সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের জারি করা পৃথক দুটি সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী শনিবার (২৩ মে) এবং রোববার (২৪ মে) গ্রাহকরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সব ধরনের লেনদেন করতে পারবেন। এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সব সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে থাকবে।

আজ সন্ধ্যায় দেশে চাঁদ দেখা গেলে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় ৭ দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শনিবারের (২৩ মে) সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংকও সরকারি ও বেসরকারি ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটির নির্দেশনা জারি করেছে।

এদিকে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রফতানিসংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে শিল্প সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আগামী ২৫ ও ২৬ মে খোলা থাকবে।

এসব শাখা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহক লেনদেন চলবে দুপুর ১টা পর্যন্ত।