সারাদেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) ডেঙ্গু জ্বরে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৯৩ জন। রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একই সময় ১০৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৯৩ জন।

মারা যাওয়া ৩ জনের একজন চট্টগ্রাম বিভাগের ও খুলনা সিটি করপোরেশন এলাকার বাইরে একজন এবং ঢাকা দক্ষিণ সিটি করেপারশেনের ১ জন। তাদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে এবং মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় - ৩২ জন।