কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে সাতকুড়ার পাড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়টি দোকান ও মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রাত দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, ব্যবসায়ী আবজাল পিয়নের মুদির দোকানে বৈদ্যুতিক তারে আগুন লাগে। পরে মুহূর্তেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী শামছুল আলমের টেইলার্সের দোকান, নুর আলমের টাইলসের দোকান, নুর আলমের কাপড়ের দোকান, হোসেন আলী সারের দোকান, শাহীন আলমের হোটেল ও ডা. রফিকুল ইসলামের ওষুধের ফার্মেসি পুড়ে ভস্মীভূত হয়। মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবলু সরকার জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পাশাপাশি দোকানগুলো টিনশেডের হওয়ায় সহজে অনান্য দোকানগুলোয় আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আগুনে প্রায় ৩০-৩৫ লাখ টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস (সিভিল ডিফেন্স) উপসহকারী পরিচালক মনোরঞ্জন রায় জানান, সংবাদ দেরিতে পাওয়ায় আমরা দ্রুত পৌঁছানোর আগেই দোকানগুলো আগুনে ভস্মীভূত হয়ে যায়।