রাঙ্গামাটির রাজস্থলীতে ‘অপহরণের শিকার’ উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিনকে উদ্ধার দাবিতে তিনটি সড়কে ৩৬ ঘণ্টার সড়ক অবরোধ পালিত হয়েছে। গত মঙ্গলবার ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ শেষ হয় গতকাল সন্ধ্যা ৬টায়। অবরোধের কারণে মঙ্গলবার ভোর থেকে রাজস্থলী-বান্দরবান, বাঙ্গালহালিয়া-রাজস্থলী ও বাঙ্গালহালিয়া-রাঙ্গামাটি সড়কে সব ধরনের যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকে। অবরোধের কারণে দুর্ভোগে পড়ে এ সড়কে যাতায়াতকারীরা। বান্দরবান থেকে অনেকেই চট্টগ্রাম হয়ে রাঙ্গামাটিতে ফিরেছেন।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে রাজস্থলী-রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সকল প্রকার যাত্রীবাহী যান চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার বাঙ্গালহালিয়া বাজারে সাপ্তাহিক হাটবার থাকলেও সাধারণ মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল। গতকাল রাজস্থলী উপজেলা সদরে হাটবার থাকলেও মানুষের তেমন উপস্থিতি ছিল না। উপজেলার গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নের বাসিন্দারা হেঁটে বাজারে এসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করেছেন। দুদিনের অবরোধে সমর্থনকারীরা উপজেলার বাসস্টেশন, রাজস্থলী বাজার, বরইতলা, ইসলামপুর বাজার, মুক্তিযোদ্ধা সড়ক, পাথরবন পাড়া, শফিপুর, বাঙ্গালহালিয়া বাজারসহ বিভিন্ন স্থানে পিকেটিং করেছে। অবরোধের কারণে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ৪ ডিসেম্বর সকালে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আমতলীপাড়া নামক এলাকা থেকে সালাহ উদ্দিন নামে এক ছাত্রলীগ নেতাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।