বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে বাগেরহাট ষাটগম্বুজ মসজিদে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে সকাল ৮টায় দ্বিতীয় এবং সাড়ে ৮টায় তৃতীয় এবং শেষ জামাত অনুষ্ঠিত হয়।

ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন এবং তৃতীয় জামাতে ইমামতি করেন বাগেরহাট শহরের সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বজ মসজিদে ঈদের জামায়াতে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ষাটগম্বুজ মসজিদ স্থপত্যের এক অনন্য নিদর্শন। প্রতিবারের মতো এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। হিংসা বিদ্বেষ ভুলে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, সবাই শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেছেন।

ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চু বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ষাটগম্বুজ মসজিদে নামাজ পড়তে এসেছেন। সবার নিরাপত্তার জন্য আমরা সার্বিক সহযোগিতার চেষ্টা করেছি।