দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় মেহেরপুর, বগুড়া, যশোর, চুয়াডাঙ্গা, পটুয়াখালী, কিশোরগঞ্জ ও রংপুরে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

মেহেরপুর: জেলার গাংনীতে ট্রাকের ধাক্কায় শামসুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার নওপাড়া এলাকায় ট্রাক ঘোরানোর সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি। আহত শামসুল হোসেনকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে ঘটনার পর পরই চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

বগুড়া: ট্রাকের নিচে চাপা পড়ে সাইমন ওরফে প্রিন্স (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাংচুর ও চালককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল সকাল ৯টার দিকে বগুড়া সদর উপজেলার পীরগাছা বন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রিন্স বগুড়া শহরের বৃন্দাবন পাড়ার রায়হান ইসলামের ছেলে। তবে সে পীরগাছায় পরিবারের সঙ্গে থেকে পঞ্চম শ্রেণীতে পড়ত।

বগুড়া সদর থানার এসআই আনিসুর রহমান জানান, সাইমন প্রিন্স প্রাইভেট পড়া শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। বিক্ষুব্ধ জনতা ট্রাকচালক মিজানুরকে পুলিশে সোপর্দ করেছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে।

যশোর: বাসের ধাক্কায় ঊর্মি খাতুন (১৬) এক কিশোরী নিহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রূপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মেয়েটি।

এদিকে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ছাত্র-জনতা যশোর-ঝিনাইদহ রুটে চলাচলকারী রূপসা ও গড়াই পরিবহন অবরোধ করে রাখে। ঊর্মি যশোরের কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর দক্ষিণপাড়ার রবিউল ইসলামের মেয়ে। সে ছাতিয়ানতলা কে আই আলিম মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ছিল।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রউফ জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদায় ট্রাক্টর চাপায় সামসুল আলম (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার মুক্তারপুর-কোমরপুর সড়কের মডার্ন ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামসুল আলম উপজেলার পীরপুরকুল্লা গ্রামের ইছারদ্দির ছেলে এবং কুনিয়া চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, দুপুর দেড়টার দিকে সামসুল আলম মাদ্রাসা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের মুক্তারপুর-কোমরপুর গ্রামের মাঝামাঝি স্থানে মডার্ন ইটভাটার সামনে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে যান। এ সময় ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর ছিটকে পড়েন। ওই সময় ট্রাক্টরটি তাকে চাপা দেয়।

পটুয়াখালী: কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক জাহাঙ্গীর হাওলাদার নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের প্যাদার বাজার এলাকা থেকে লোন্দা গ্রামের বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হাওলাদার লোন্দা গ্রামের খালেক হাওলাদারের ছেলে। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ: মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মো. মোস্তাক মোল্ল্যা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে কিশোরগঞ্জ শহরের গাইটাল পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মোস্তাক মোল্ল্যা সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে। ৩ এপ্রিল তিনি লন্ডন থেকে বাড়ি এসেছিলেন। কয়েকদিন পর তার আবার লন্ডনে ফিরে যাওয়ার কথা ছিল।

রংপুর: জেলার মিঠাপুকুরে ট্রাকচাপায় আব্দুল আউয়াল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল আউয়াল বলদীপুকুরে পায়রাবন্দ ইউনিয়নের মনিনপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। চালককে গ্রেফতারে অভিযান চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।