দিনাজপুরের ফুলবাড়ীর বিভিন্ন সীমান্ত থেকে গত এক বছরে ৩ কোটি ১৮ লাখ ২৫ হাজার টাকার মাদক উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। এ সময়ে ২২৩ জন চোরাকারবারিকে আটক করা হয়। ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এ তথ্য জানিয়েছে।

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরীফউল্লাহ্ আবেদ বলেন, বর্তমানে সীমান্ত এলাকায় যারা বসবাস করছেন, তাদের সবসময় সচেতনতামূলক পরামর্শ দেয়া হচ্ছে। ফলে সীমান্ত এলাকায় মানুষ হত্যা এখন শূন্যের কোটায় নেমে এসেছে। চোরাকারবারিরা তাদের অবৈধ ব্যবসা বন্ধ করে অনেকেই ভালো পথে ফিরে এসেছে। বর্তমান নারী ও শিশু পাচার বন্ধকল্পে সীমান্ত এলাকায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমসহ বিজিবি সদস্যরা দিনরাত সজাগ দৃষ্টি রাখছেন বলেও জানান তিনি।