নিউইয়র্কের ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকায় একটি রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশী এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার এক সহকর্মী। গতকাল রেস্তোরাঁটির ভেতরে এ ঘটনা ঘটে। হামলাকারীকে শনাক্ত করতে এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।
এনবিসি নিউইয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তি ৪৪ বছর বয়সী। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানানো হয়েছে কিনা, তা পুলিশ নিশ্চিত না করা পর্যন্ত তার নাম প্রকাশ করা হয়নি।
রেস্তোরাঁটির মালিক রোববার সন্ধ্যায় জানান, গুলিবিদ্ধ দুজনই আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা রেস্তোরাঁর কর্মী।
নিহতের বন্ধু ও সহকর্মী আবদুল জলিল বলেন, ‘এটা খুবই খারাপ ঘটনা। আমি কীভাবে এ অনুভূতি ব্যাখ্যা করব, বুঝতে পারছি না।’
জলিল জানান, নিহত ব্যক্তির স্ত্রী ও সন্তান বাংলাদেশে থাকে।
এ ঘটনায় রেস্তোরাঁর ৩৯ বছর বয়সী আরেক কর্মী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি পুরোপুরি সুস্থ্য হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউতে অবস্থিত রেস্তোরাঁটির ভেতরেই গুলির ঘটনা ঘটে। পরে সেখানে রক্ত ও অন্যান্য আলামত সংগ্রহ ও নথিভুক্ত করতে দেখা যায় তদন্তকারীদের। হামলাকারীকে শনাক্ত করতে রেস্তোরাঁর নজরদারি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে পুলিশ।
রেস্তোরাঁটির মালিক শেখ রাসেল বলেন, ঘটনাটি কোনো ধরনের উসকানি ছাড়াই ঘটেছে বলে মনে হচ্ছে।
তিনি বলেন, ‘তারা ওই লোকটিকে চিনত না। লোকটি হঠাৎ সেখানে এসে হাজির হয়। যতদূর জানি, তাদের মধ্যে কোনো কথা-কাটাকাটিও হয়নি।’
নিহত ব্যক্তি কয়েক বছর ধরে রেস্তোরাঁ পরিচালনায় সহযোগিতা করে আসছেন বলে জানিয়েছেন রাসেল। তিনি বলেন, ‘তার মৃত্যু আমার জন্য বিশাল ক্ষতি। এই শূন্যতা কীভাবে পূরণ করব, আমি জানি না।’
আবদুল জলিল বলেন, ‘তিনি খুবই সৎ মানুষ ছিলেন।’
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারাও হতবাক হয়েছেন। প্রতিবেশী মেলভিন আরবি বলেন, ‘এই এলাকায় অনেক দিন ধরে দোকানের ভেতরে এত বেশি ডাকাতির ঘটনাও শুনিনি। আর এখন দোকানের ভেতরেই একজনকে হত্যা করা হয়েছে। এটা ভয়াবহ ঘটনা। পরিবারের লোকজন আজ কী অনুভব করছেন, তা আমি কল্পনাও করতে পারছি না।’
এদিকে ঢাকার একটি গণমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তির নাম ইউসুফ রাজু, বাড়ি নোয়াখালী। এরই মধ্যে বিষয়টি পরিবারকে অবহিত করা হয়েছে। অন্যদিকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির নাম রাসেল, তার বাড়িও নোয়াখালী।










