মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের ক্ষেত্রে ঝুঁকির কিছু নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা সহযোগিতাকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখবে বাংলাদেশ।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মক্কা প্যাক্টে যোগদানের বিষয়টি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ কিনা এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ভাসার আগে যদি মরার চিন্তা করেন, তাহলে লাভ আছে? এখনো এ বিষয়ে কোনো চুক্তি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ভাসার আগে যদি মরার চিন্তা করেন, তাহলে তো সমস্যা।

মক্কা প্যাক্টকে একটি অনন্য চুক্তি হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান অস্থিতিশীল ও সংকটপূর্ণ বিশ্ব পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগের সুযোগ রয়েছে।

তিনি বলেন, একটি জোটে থাকলেই অন্য জোটে অবদান রাখা যাবে না এমন কোনো বিষয় নেই। কোনো নির্দিষ্ট জোট বা ব্যবস্থার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখারও প্রয়োজন নেই।

বাংলাদেশের মতো দেশের জন্য একটি নমনীয় ও সমন্বিত পররাষ্ট্র ও নিরাপত্তানীতি প্রয়োজন উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, বিশেষ করে বাংলাদেশের মতো একটি দেশের ক্ষেত্রে পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা সহযোগিতাকে অত্যন্ত সমন্বিতভাবে বিবেচনা করতে হবে। বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে একটি নমনীয় ও সমন্বিত পররাষ্ট্র ও নিরাপত্তানীতি রাখতে হবে। বাংলাদেশ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে।

নাগরিকত্বের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশী।