জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া নির্বাচন কমিশনের (ইসি) প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে ভোটারদের এত দিনের বঞ্চনার কষ্ট ঘোচাতে চায় কমিশন।
রোববার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি)’ কার্যক্রম উদ্বোধনকালে সিইসি এসব কথা বলেন। এই প্রশিক্ষণে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
সিইসি বলেন, দেশের একটি ক্রান্তিলগ্নে নতুন সরকার ক্ষমতা নিয়েছে। এটি বিশেষ পরিস্থিতির অন্তর্বর্তীকালীন সরকার। আমরাও এই ক্রান্তিকালীন সময়ের একটি নির্বাচন কমিশন। মানুষের প্রত্যাশা এখন আমাদের ওপর অনেক বেশি। আমাদের কাজ হতে হবে গতানুগতিক চিন্তার বাইরে।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যেই আমরা কাজ করছি। মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।










