টি-টোয়েন্টি বিশ্বকাপে গত সোমবার রাতে নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৪ রান করলেই জিতত বাংলাদেশ। অত্যন্ত প্রয়োজনের মুহূর্তে ৪ বলে ৩ রান করে সাজঘরে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। তার মতো জ্যেষ্ঠ ক্রিকেটার এমন দায়িত্বহীন ব্যাটিং করায় ভারতের সাবেক ওপেনিং ব্যাটার বিরেন্দর শেবাগ তো বলেই দিলেন, লজ্জাজনক পারফরম্যান্সের পর সাকিবের এখন উচিত অবসর নেয়া। 

ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি এক ভিডিও ডকুমেন্টারিতে সাকিবকে বাংলাদেশ ক্রিকেটের জন্য ‘উপহার’ বলেও অভিহিত করে। তবে এ অলরাউন্ডার সেরা সময়টা হয়তো পেছনেই ফেলে এসেছেন। চলতি বিশ্বকাপের পারফরম্যান্স দেখেই সেটা যে কেউ অনুধাবন করতে সমর্থ হবেন।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের পডকাস্টে শেবাগ বলেছেন, ‘সাকিবের আগেই অবসর নেয়া উচিত ছিল। বিশ্বকাপের পর তাকে আর খেলানো উচিত না।’ 

শেবাগ কেন এমন মন্তব্য করেছেন তা বুঝতে একটু পরিসংখ্যানের দিকে নজর দেয়া যাক। তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি (৭০০) উইকেট তার। রানেও আছেন তিনে (১৪,৫২৬)। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪৭ উইকেট শিকার করেছেন তিনি। যদিও সর্বশেষ দুটি ও চলতি বিশ্বকাপে সাকিব ভীষণ বিবর্ণ। টি-টোয়েন্টিতে সর্বশেষ ২০২২ সালে ফিফটি করেছেন। ২০২১ বিশ্বকাপে ৬ ম্যাচে ১৩১ রান ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ইনিংসে ৪৪ রান করেন সাকিব। এবারো ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন। ডালাসে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ জিতলেও সাকিব ব্যাট হাতে করেছেন ৮ রান, বল হাতে উইকেটশূন্য। নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ রান করেছেন, উইকেটও পাননি। 

ক্রিকবাজে পডকাস্টে শেবাগকে প্রশ্ন করা হয়েছিল, সাকিবের অবসরের সময় হয়ে গেছে কিনা। এর জবাবে সাবেক মারকুটে এ ব্যাটার বলেছেন, ‘গত বিশ্বকাপেই আমার এমন মনে হয়েছে, ওকে আর টি-টোয়েন্টিতে খেলানো উচিত নয়। অনেক আগেই ওর অবসর নেয়ার সময় হয়েছে। তুমি এত সিনিয়র ক্রিকেটার, নিজে অধিনায়ক ছিলে, তোমার পরিসংখ্যানের অবস্থা এমন, সাকিবের নিজেরই তো লজ্জা পাওয়া উচিত। নিজেরই বলা উচিত, আমি এ সংস্করণ থেকে অবসর নিচ্ছি। দিন শেষে নিজে তো বোঝা যায় আমার ব্যাটিং ভালো হচ্ছে না, বোলিং ভালো হচ্ছে না, দলের জন্য অবদানই রাখতে পারছি না। তাহলে খেলে কী হবে? আমার হিসেবে তো ওর (অবসরের) সময় আগেই হয়েছে।’

নিউইয়র্কে প্রোটিয়া গতি বোলার এনরিখ নরকিয়ার বলে পুল করতে গিয়ে আউট হন সাকিব। এ শটের সমালোচনা করে শেবাগ বলেন, ‘অভিজ্ঞ খেলোয়াড় বলেই যদি তাকে বিশ্বকাপে আনা হয়, তাহলে সেটা করে দেখাক। এ উইকেটে কিছু সময় তো দাও। তুমি অ্যাডাম গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেইডেন নও। সেটা হিসাব করে খেলো। হুক-পুল তোমার শট নয়।’

এদিকে নিউইয়র্কে ম্যাচ খেলার পরই চার্টার্ড ফ্লাইটে করে সোমবার রাতেই সেন্ট ভিনসেন্টের পথে রওনা হয় বাংলাদেশ দল। ফ্লাইট বিলম্বিত হয় ৫ ঘণ্টার মতো। অবশেষে স্থানীয় সময় ভোররাতে ক্যারিবিয়ান দ্বীপদেশে পৌঁছে টাইগাররা। দীর্ঘ ভ্রমণ ক্লান্তির কারণে নাজমুল হোসেন শান্তদের গতকালের অনুশীলন সেশন বাতিল করা হয়। আজ একদিন অনুশীলন করে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়। 

দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও এখনো সুপার এইটে ওঠার দারুণ সুযোগ আছে বাংলাদেশ দলের। এজন্য আগামীকাল নেদারল্যান্ডস ও শেষ ম্যাচে নেপালকে হারাতে হবে। প্রোটিয়ারা এরই মধ্যে তিন জয়ে ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে খেলা নিশ্চিত করে ফেলেছে। 

অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশকে সুপার এইটের টিকিট নিশ্চিত করতে হলে সাকিবের মতো দলের জ্যেষ্ঠ ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা।