শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি ও কয়েকজন আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ধরণের অপকর্ম ও নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশের আপামর মানুষকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কারণ দেশকে অস্থিতিশীল করতে দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা এখনও সদা তৎপর রয়েছে।’
শনিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘সম্প্রতি দেশে কয়েকটি অগ্নিকান্ডের ঘটনা এবং আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা একই সূত্রে গাঁথা। এসব অগ্নিকান্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত বলে জনগণ বিশ্বাস করে। হাজারো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র জনতার নিদারুন যন্ত্রণাকর পরিস্থিতির মধ্য দিয়ে গত ৫ আগস্ট ২০২৪ সালে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তবে গণঅভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্যাৎ করে দিতে স্বৈরাচারের অংশীদার’রা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের পক্ষের শক্তি সর্তক থাকলে বাংলাদেশকে আর নৈরাজ্যের গভীর অন্ধকারে নিক্ষেপ করা যাবে না। ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত ১৬ বছরের অনাচার অবিচার থেকে জনগণকে বিস্মৃত করা যাবে না।’
তিনি বলেন, ‘আমি অবিলম্বে অগ্নিনির্বাপক যন্ত্রের যথাযথ ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি, পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আজকের আগুন লাগার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আহতদের আশু সুস্থতা কামনা করছি।’










