জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য নূর আফরোজ বেগম জ্যোতির সাত বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার রায় দিয়েছেন আদালত। গতকাল বিকালে বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত নূর আফরোজ বেগম জ্যোতিকে কারাগারে নেয়া হয়।
জানা যায়, বিএনপির সাবেক সংসদ সদস্য নূর আফরোজ বেগম জ্যোতি বগুড়া শহরের কাটনারপাড়ার অধ্যাপক আব্দুর রউফের স্ত্রী। ছাত্রজীবনে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। বগুড়া জেলা মহিলা দলের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরে জ্যোতি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
তিনি ২০০১-০৬ সাল পর্যন্ত জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনীত সংসদ সদস্য ছিলেন। নূর আফরোজ বেগম জ্যোতি ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি দুদক সমন্বিত জেলা কার্যালয় বগুড়ায় স্থাবর-অস্থাবর ও দায়দেনার ১৯৯৯ থেকে ২০১৪ সালের হিসাব বিবরণী দাখিল করেন। দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৮ লাখ ১৭ হাজার ১৮৪ টাকা মূল্যের সম্পদ অর্জনের মিথ্যা তথ্য দেন। তিনি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উেসর সঙ্গে অসংগতিপূর্ণ ৫৩ লাখ ২২ হাজার ৭৯০ টাকা সমমূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন করে তার নিজ দখলে রেখে ভোগদখল করে আসছেন মর্মে দুদক তথ্য পায়। এ ঘটনায় ২০১৪ সালের ১৫ ডিসেম্বর বগুড়া সদর থানায় তত্কালীন দুদক জেলা কার্যালয়ের এডি মো. ফারুক হোসেন বাদী হয়ে মামলা করেন এবং তদন্ত শেষে ২০১৬ সালের ২২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।










