চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের পেয়ারাতলায় একটি চালকলের জ্বলন্ত চুলা ধসে সেই আগুনে ঝলসে ফয়সাল হোসেন (২২) নামের এক শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। গতকাল দুপুর পৌনে ১২টার সময় মা-বাবা এগ্রো ফুড নামের একটি চালকলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল হোসেন জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং মা-বাবা এগ্রো ফুডের শ্রমিক।

প্রত্যক্ষদর্শী রাকিব হাসান জানান, শ্রমিক ফয়সাল হোসেন গতকাল বেলা পৌনে ১২টার দিকে মা-বাবা এগ্রো ফুডের জ্বলন্ত চুলা মেরামতের কাজ করছিলেন। হঠাৎ করেই চুলা ভেঙে গেলে ওই আগুনে ঝলসে ঘটনাস্থলেই মারা যান তিনি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক জানান, চালকলের জ্বলন্ত চুলা মেরামত করতে গিয়ে সেখানকার তপ্ত ইটে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।