বগুড়া শহরের আকাশতারায় ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এতে ১৫ দিনের যমজ শিশুর মধ্যে মারদিয়া নামের এক শিশু ঘটনাস্থলে মারা গিয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মারদিয়া ঢাকার মোহাম্মদপুর এলাকার মিন্টুর মেয়ে। অন্য শিশুটি সুস্থ রয়েছে।

জানা যায়, ঢাকার মোহাম্মদপুর এলাকার মিন্টু মাইক্রোবাসযোগে তার যমজ শিশুকে নিয়ে বগুড়ার আকাশতারায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। গতকাল বেলা সাড়ে ১১টার সময় বগুড়া শহরের চেলোপাড়ার কাছে আকাশতারা রেল লাইনের পাশে তাদের মাইক্রোবাসটি দাঁড় করান। এর কিছু পরে একটি ট্রেন লালমনিরহাট থেকে ছেড়ে বগুড়ার সান্তাহার যাচ্ছিল। পথে আকাশতারা এলাকায় ট্রেনের একাংশের সঙ্গে দাঁড় করানো মাইক্রোবাসটির ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি উল্টে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে শিশু মারদিয়া মারা যায়।

বগুড়া রেলওয়ের পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, মাইক্রোবাসটির চালকসহ সাতজন আরোহী ছিল। এর মধ্যে যমজ শিশুর একটি মারা গেলে তার মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নেয়া হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। মাইক্রোবাসটির চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।