রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলোচিত গভীর নলকূপ অপারেটর শাখাওয়াত হোসেন গ্রেফতার হয়েছেন। শনিবার রাত ১টার দিকে উপজেলার চব্বিশনগর কদম শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার শাখাওয়াত হোসেন উপজেলার ঈশ্বরীপুর এলাকার মৃত হারুন-অর-রশিদের ছেলে। তিনি ওয়ার্ড কৃষক লীগ সভাপতির পদে রয়েছেন। ঈশ্বরীপুর-২ গভীর নলকূপের অপারেটর শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে গত ২ বছরের বেশি সময় সেচের পানি সরবরাহে গাফিলতির অভিযোগ করে আসছেন কৃষক।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, পলাতক থাকা অবস্থায় শনিবার রাতে চব্বিশনগর কদম শহর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোদাগাড়ীর প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল দুপুরের পর তাকে আদালতে তোলা হয়। আরো জিজ্ঞাসাবাদের জন্য তার তিনদিনের রিমান্ড চাওয়ার কথাও জানান তিনি।

প্রসঙ্গত, গভীর নলকূপের অপারেটর পানি না দেয়ায় গত ২৩ মার্চ বিষপান করেন জেলার গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নবাই বটতলা নিমঘুটু গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক অভিনাথ মার্ডি ও তার চাচাতো ভাই রবি মার্ডি।

বাড়ি ফিরে ওইদিন রাতেই মারা যান অভিনাথ। স্বজনরা ওই রাতেই রবি মার্ডিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ রাতে মারা যান রবিও। এ ঘটনায় গত ২৫ মার্চ রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনাথ মার্ডির স্ত্রী রোজিনা হেমব্রম বাদী হয়ে মামলা করেন। রবি মার্ডির মৃত্যুর পর আত্মহত্যার প্ররোচনায় আরেকটি মামলা করেন তার ভাই সুশীল মার্ডি। দুটি মামলাতেই গভীর নলকূপ অপারেটর শাখাওয়াত হোসেনকে একমাত্র আসামি করা হয়।